
ফাইল ছবি
পবিত্র ঈদুল ফিতরের উৎসব শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। ফিরতি যাত্রার টিকিট বিক্রির ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১৭ মার্চ) বিক্রি করা হচ্ছে আগামী ২৭ মার্চের ট্রেনের টিকিট, যা এই কার্যক্রমের পঞ্চম দিন।
বরাবরের মতোই যাত্রীদের ভোগান্তি কমাতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে আন্তঃনগর ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। ফলে ঘরে বসেই সহজে টিকিট সংগ্রহ করতে পারছেন যাত্রীরা।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে।
ঈদ উপলক্ষে বিশেষ ট্রেনযাত্রা নির্বিঘ্ন করতে সম্প্রতি রাজধানীর রেল ভবনে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। নির্ধারিত সূচি অনুযায়ী, ২৩ মার্চের টিকিট বিক্রি হয়েছে ১৩ মার্চ, ২৪ মার্চের ১৪ মার্চ এবং ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ। এছাড়া ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে।
এদিকে, চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিটও বিক্রি করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। যাত্রীদের সুবিধার্থে নন-এসি কোচের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে সংশ্লিষ্ট প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।
রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, একজন যাত্রী ঈদযাত্রার অগ্রিম টিকিট একবারে সর্বোচ্চ চারটি আসন পর্যন্ত কিনতে পারবেন। তবে এসব টিকিট ফেরতযোগ্য নয় বলেও স্পষ্ট করে জানিয়েছে কর্তৃপক্ষ।







































