বৃহস্পতিবার । মার্চ ১৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৯ মার্চ ২০২৬, ৭:১২ অপরাহ্ন
শেয়ার

চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার


Eid

ফাইল ছবি

বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার (১৯ মার্চ) ১৪৪৭ হিজরির পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (২০ মার্চ) রমজান মাসের ৩০ রোজা পূর্ণ হবে এবং শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

কমিটির পক্ষ থেকে জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে শুক্রবার রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং শনিবার শাওয়াল মাসের প্রথম দিন হিসেবে ঈদুল ফিতর উদযাপিত হবে।

এর আগে বুধবার সৌদি আরবের রয়্যাল কোর্ট জানায়, দেশটির আকাশেও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সেখানে শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। এদিকে আফগানিস্তান, মালি ও নাইজারে আজ বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও ইবাদত-বন্দেগির পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য নিয়ে আসে আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা। বাংলাদেশের ঘরে ঘরে এখন বইছে উৎসবের আমেজ, শুরু হয়েছে ঈদের চূড়ান্ত প্রস্তুতি।