
ফাইল ছবি
শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় মালয়েশিয়ায় আগামী শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার (১৯ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির রুলার্স’ সিলের রক্ষক’সাইয়েদ দানিয়াল সাইয়েদ আহমদ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
ঘোষণায় জানানো হয়, মালয়েশিয়ার ২৯টি নির্ধারিত স্থানে শাওয়াল মাসের চাঁদ দেখার চেষ্টা করা হলেও আজ কোথাও নতুন চাঁদের দেখা মেলেনি। এর পরিপ্রেক্ষিতে রুলার্স’ কনফারেন্সের শাসকদের সম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, শুক্রবার (২০ মার্চ) রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং শনিবার সারাদেশে ঈদ উদযাপিত হবে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আগেই ঘোষণা করেছিলেন, যদি ঈদ শনিবার পড়ে তবে পরদিন (রবিবার) দেশটিতে অতিরিক্ত সরকারি ছুটি দেওয়া হবে। এছাড়া ঈদ উপলক্ষে সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে সারাদেশে টোল ভাড়ায় ৫০ শতাংশ ছাড় ঘোষণা করেছেন তিনি। এই বিশেষ ছাড় বুধবার রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর হয়েছে এবং আজ বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বহাল থাকবে।
মালয়েশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষের ধারণা অনুযায়ী, ঈদ উপলক্ষে যাতায়াতের এই ব্যস্ত সময়ে দেশটির প্রধান সড়ক ও এক্সপ্রেসওয়েগুলোতে প্রায় ৩.৪৯ মিলিয়নেরও বেশি যানবাহন চলাচল করবে। ঘরমুখো মানুষের চাপ সামলাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন।






































