
ছবি: সংগৃহীত
কুমিল্লার সদর দক্ষিণে যাত্রীবাহী বাস ও ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহতদের প্রত্যেক পরিবারকে দাফন-কাফনের জন্য প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। রোববার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) মু. রেজা হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের ওপর নেমে আসা আকস্মিক শোক ও সংকটে জেলা প্রশাসন পাশে রয়েছে। নিহতদের পরিবারকে সহায়তার জন্য এই তাৎক্ষণিক অনুদান ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে এবং মরদেহ হস্তান্তরের সময় এই নগদ অর্থ স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।
উল্লেখ্য, শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী ‘মামুন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুড়ছে গিয়ে ঘটনাস্থলেই ১২ জন যাত্রী নিহত হন, যার মধ্যে ৭ জন পুরুষ, ৩ জন নারী ও ২ জন শিশু রয়েছে।
দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে দায়িত্বরত দুই গ্যাটম্যানকে ইতিমধ্যে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।



































