
ছবি: সংগৃহীত
কুমিল্লার সদর দক্ষিণে চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুমড়ে-মুচড়ে গিয়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
শনিবার (২১ মার্চ) রাত ৩টার দিকে জেলার জাঙ্গালিয়া কচুয়া এলাকায় পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, দুইজন নারী ও তিন শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মামুন পরিবহনের বাসটি চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল। রাত ৩টার দিকে বাসটি জাঙ্গালিয়া কচুয়া এলাকায় রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী ‘চট্টগ্রাম মেইল’ ট্রেনটি বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ১২ জন প্রাণ হারান এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা সদর দক্ষিণ থানার উপপুলিশ পরিদর্শক (এএসআই) জনি বড়ুয়া জানান, খবর পেয়ে সদর দক্ষিণ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কুমিল্লা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. ইদ্রিস জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে ট্রেন ও বাস—উভয় যানের চালকের অসতর্কতার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
বর্তমানে দুর্ঘটনাকবলিত বাসটি লাইন থেকে সরিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।






































