
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতরের দিনে পটিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
পটিয়া হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস পটিয়া বাইপাস সড়ক অতিক্রম করছিল। এসময় হঠাৎ এক পথচারী সামনে পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে চালক সজোরে ব্রেক কষেন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাসের সহকারী সোলেমানকে (৪৫) মৃত ঘোষণা করেন। তার বাড়ি চকরিয়া উপজেলায়। অন্যদিকে, দুর্ঘটনায় গুরুতর আহত পথচারী আবুল কাশেমকে (৬৫) আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত আবুল কাশেম পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের বাসিন্দা।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অরুপ চৌধুরী জানান, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পটিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঈদযাত্রায় নিরাপদ চলাচলের জন্য চালকদের অতিরিক্ত গতি ও অসতর্কতা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।





































