সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৩ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শেয়ার

২৫ মার্চ রাতে দেশজুড়ে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি


black-out

ফাইল ছবি

১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত গণহত্যা স্মরণে আগামী বুধবার (২৫ মার্চ) রাতে সারা দেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করা হবে। সোমবার (২৩ মার্চ) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হবে। তবে জরুরি স্থাপনা, বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসের মতো জরুরি পরিষেবা এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনগুলো এই কর্মসূচির আওতামুক্ত থাকবে। এছাড়া দিবসের গাম্ভীর্য রক্ষায় ওই রাতে কোনো সরকারি বা বেসরকারি ভবনে আলোকসজ্জা করা যাবে না।

১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরীহ বাঙালি ও ছাত্র-জনতার ওপর ঝাঁপিয়ে পড়ে হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে। এই নৃশংসতাকে স্মরণ করে ২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদে ২৫শে মার্চকে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ওই বছর থেকেই দেশে প্রতীকী ব্ল্যাক আউট কর্মসূচি পালন শুরু হয়।

এদিকে প্রায় দেড় যুগেরও বেশি সময় পর এ বছর স্বাধীনতা দিবসে ফিরছে বর্ণাঢ্য কুচকাওয়াজ। ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কুচকাওয়াজে অংশ নেবেন। সালাম গ্রহণ করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এবারের কুচকাওয়াজে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদুল হক। স্থল ও আকাশে বিভিন্ন কৌশলগত প্রদর্শনীর মাধ্যমে দেশের প্রতিরক্ষা সক্ষমতা ফুটিয়ে তুলতে ইতোমধ্যে কয়েক দফা মহড়া সম্পন্ন করেছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা।