মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৪ মার্চ ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শেয়ার

বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস


rain

ফাইল ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে সামগ্রিকভাবে দেশের আবহওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

আবহওয়া অফিসের ১২০ ঘণ্টার (৫ দিনের) পূর্বাভাস অনুযায়ী, পূর্ব বিষুবীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। এর পাশাপাশি উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে বিহার ও আশপাশের এলাকায় অবস্থান করছে।

এর প্রভাবে আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে পরবর্তী কয়েক ঘণ্টা ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ায় আবহাওয়া কিছুটা সহনীয় থাকবে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ২৫ ও ২৬ মার্চ ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তবে ২৭ মার্চ থেকে বৃষ্টির প্রবণতা কমে প্রধানত রংপুর বিভাগে সীমাবদ্ধ থাকতে পারে। দেশের অন্যান্য স্থানে আকাশ মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

এদিকে, আগামী ২৮ মার্চ আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ওই দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের কারণে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।