মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৪ মার্চ ২০২৬, ৯:৪৬ অপরাহ্ন
শেয়ার

২৫ মার্চ রাতে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি বাতিল


black-out

ফাইল ছবি

২৫ মার্চ গণহত্যা দিবস স্মরণে পূর্বঘোষিত এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচিটি শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এক জরুরি বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে আজ মঙ্গলবার সকালেই সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়েছিল, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের ভয়াবহ স্মৃতি স্মরণে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। তবে রাতে সেই সিদ্ধান্তে পরিবর্তন আসে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় জানান, ২৫ মার্চ রাতে ১ মিনিটের সেই প্রস্তাবিত ব্ল্যাক আউট কর্মসূচিটি আর হচ্ছে না। তবে কী কারণে এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে, সে বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে ঢাকাসহ সারাদেশে বর্বরোচিত গণহত্যা চালিয়েছিল। সেই ভয়াল স্মৃতি ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গত কয়েক বছর ধরে এক মিনিট প্রতীকী ব্ল্যাক আউট কর্মসূচি পালন হয়ে আসছিল। গত বছরও রাত ১০টায় এই কর্মসূচি পালিত হয়েছিল।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ব্ল্যাক আউট কর্মসূচি বাতিল হলেও গণহত্যা দিবস উপলক্ষে অন্যান্য রাষ্ট্রীয় কর্মসূচি ও আলোচনা সভাগুলো যথারীতি পালিত হবে।