বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৫ মার্চ ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন
শেয়ার

স্বাধীনতা দিবসে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা


Tareq-rahman

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশের সর্বস্তরের জনগণ এবং প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি বলেন, ২৬ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে তিনি স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।

প্রধানমন্ত্রী আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিতা মা-বোন এবং স্বাধীনতা সংগ্রামে আত্মনিবেদিত সকলের প্রতি জাতি চিরঋণী। তিনি সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।

বার্তায় তিনি উল্লেখ করেন, স্বাধীনতা দিবস আমাদের মাঝে সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুনভাবে জাগ্রত করে। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই ছিল স্বাধীনতার মূল লক্ষ্য, যা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা আরও শক্তিশালী করতে জাতীয় ঐক্য, সহনশীলতা ও দেশপ্রেমের চেতনাকে ধারণ করা জরুরি।

সবশেষে তিনি স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।