
নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মায় বাস ডুবে যাওয়ার মর্মান্তিক ঘটনায় দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার (২৫ মার্চ) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মন্ত্রী বলেন, “এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনসহ প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”
দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা সম্পর্কে তিনি জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ এবং বিশেষ ডুবুরি দল নিরলসভাবে কাজ করছে। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিসি, সেনাবাহিনী, পুলিশ, নৌ-পুলিশ ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে অংশ নিয়েছে।
শোকবার্তায় মন্ত্রী আরও উল্লেখ করেন যে, আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন তিনি। পরিশেষে, তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।







































