
পদ্মায় তলিয়ে যাওয়া বাস উদ্ধার। ছবি: সংগৃহীত
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় নিহতদের পরিবারপ্রতি ন্যূনতম ১ কোটি টাকা ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (২৫ মার্চ) অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ, ব্যারিস্টার রাফি জি রহমান ও অ্যাডভোকেট জায়েদ বিন নাসের যৌথভাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী, সেতু বিভাগের প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট সচিবদের কাছে নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, ঘটনাটি দুর্ঘটনা হিসেবে দেখালেও এর পেছনে কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তে উন্মোচন করা জরুরি। উল্লেখযোগ্যভাবে, বুধবার বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুনে ফেরিতে ওঠার সময় কুমারখালী–রাজবাড়ী রুটের ‘সৌহার্দ্য’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এখন পর্যন্ত অন্তত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নোটিশে আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা, কর্মক্ষম ব্যক্তিদের পুনর্বাসন ও ক্ষতিপূরণকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সাত কর্মদিবসের মধ্যে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে, তা না হলে আইনগত পদক্ষেপের সতর্কতা দেওয়া হয়েছে।
এ ছাড়া দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সাত দিনের মধ্যে প্রতিবেদন প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ জানান, জনস্বার্থে নোটিশটি ই-মেইলে পাঠানো হয়েছে; পরে ডাকযোগেও পাঠানো হবে।







































