শুক্রবার । মার্চ ২৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৭ মার্চ ২০২৬, ৭:৩৩ পূর্বাহ্ন
শেয়ার

‘সশস্ত্র বাহিনীকে আরো শক্তিশালী করতে চাই’


PM-Tareq-Rahman

সংগৃহীত ছবি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমিও সশস্ত্র বাহিনীর পরিবারের সন্তান। আমাদের দায়িত্ব আছে—দেশের সশস্ত্র বাহিনীকে আরো শক্তিশালী করা এবং জাতির প্রত্যাশা পূরণ করা।”

দীর্ঘ ১৮ বছর পর জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত বর্ণাঢ্য কুচকাওয়াজে সেনা, নৌ ও বিমানবাহিনীর অতুলনীয় শক্তি ও শৃঙ্খলার প্রদর্শনী প্রধানমন্ত্রীকে মুগ্ধ করে। প্যারেড শেষে তিনি সশস্ত্র বাহিনী সদস্যদের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধানসহ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন।

এর আগে ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণ ও দোয়া করেন।

বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্টেডিয়ামে ‘স্বাধীনতার চেতনায় ফুটবল উৎসব’-এ অংশ নিয়ে দেশের ক্রীড়া উন্নয়নে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, জেলা থেকে স্কুল পর্যায় পর্যন্ত নিয়মিত প্রতিযোগিতা আয়োজন এবং ‘নতুন কুড়ি স্পোর্টস’ কার্যক্রম চালুর মাধ্যমে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।