সোমবার । মার্চ ৩০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৯ মার্চ ২০২৬, ২:৪২ অপরাহ্ন
শেয়ার

বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরি পারাপারে কঠোর নির্দেশনা


রবিউল আলম

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণ বিষয়ক মন্ত্রী শেখ রবিউল আলম

নৌ দুর্ঘটনা ও ফেরি পারাপারে বড় ধরনের প্রাণহানি এড়াতে কঠোর নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণ বিষয়ক মন্ত্রী শেখ রবিউল আলম। এখন থেকে ফেরিতে বাস তোলার আগে অবশ্যই শতভাগ যাত্রীকে বাস থেকে নামিয়ে দিতে হবে। কোনো অবস্থাতেই যাত্রীসহ বাস ফেরিতে তোলা যাবে না।

রবিবার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভা শেষে সাংবাদিকদের তিনি এসব সিদ্ধান্তের কথা জানান।

মন্ত্রী জানান, ফেরিতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে এখন থেকে রেলিং লাগানো বাধ্যতামূলক করা হচ্ছে। অনেক সময় ফেরিতে গাড়ি ওঠানামার সময় বা প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে বাস বা ছোট গাড়ি দুর্ঘটনার ঝুঁকিতে থাকে। ফেরির চারধারে মজবুত রেলিং স্থাপনের মাধ্যমে এই ঝুঁকি কমিয়ে আনা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

সভায় মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘আমরা মানুষের জীবনের নিরাপত্তা দিতে দায়বদ্ধ। অনেক সময় ফেরিতে যাত্রীসহ বাস দুর্ঘটনায় পড়লে বড় প্রাণহানি ঘটে। এটি রোধ করতেই যাত্রীদের নামিয়ে খালি বাস ফেরিতে তোলার নিয়ম কঠোরভাবে পালন করা হবে।’

সচিবালয়ের এই গুরুত্বপূর্ণ সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই নতুন নির্দেশনার ফলে ফেরি ঘাটগুলোতে জননিরাপত্তা আরও জোরদার হবে এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো সহজ হবে।