সোমবার । মার্চ ৩০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ২৯ মার্চ ২০২৬, ৯:৫৩ অপরাহ্ন
শেয়ার

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন


gold

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে সোনার দামে বড় ধরনের ধস নেমেছে। আউন্সপ্রতি ৫ হাজার ৫০০ ডলারের সর্বোচ্চ শিখর থেকে নেমে বর্তমানে মূল্যবান এই ধাতুর দাম ৪ হাজার ৪৯৩.৭৯ ডলারে অবস্থান করছে। মূলত মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির প্রভাবে এই বড় দরপতন ঘটেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

বিশ্ববাজারে দাম কমায় এর ইতিবাচক প্রভাব পড়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বাজারে। দেশটিতে গত এক মাসে প্রতি গ্রাম সোনার দাম ১০০ দিরহামের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ২০০ টাকা) বেশি কমেছে। ফলে দুবাইসহ আমিরাতের জুয়েলারি দোকানগুলোতে ২৪ ক্যারেট বিনিয়োগের সোনা এবং ২২ ক্যারেট গয়নার চাহিদা ব্যাপক হারে বেড়েছে বলে খবর দিয়েছে খালিজ টাইমস।

আমিরাতের স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর তা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গিয়েছিল। কিন্তু সাম্প্রতিক দরপতনের পর বিনিয়োগকারী ও সাধারণ ক্রেতা—উভয় পক্ষই আবার বাজারে ফিরতে শুরু করেছেন।

রোববার (২৯ মার্চ) আমিরাতের বাজারে প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনা বিক্রি হয়েছে ৫৪১.২৫ দিরহামে। অন্যদিকে, গয়নার জন্য জনপ্রিয় ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৫০১.২৫ দিরহাম।

দেশটির অন্যতম বড় জুয়েলারি প্রতিষ্ঠান ‘বাফলে জুয়েলার্স’-এর ব্যবস্থাপনা পরিচালক চিরাগ ভোরা বলেন, ২৪ ক্যারেট সোনার বার এবং কয়েনের চাহিদা হঠাৎ করেই বেড়েছে।

যারা বিনিয়োগের কথা ভাবছিলেন, তারা বর্তমান দামকে বাজারে ঢোকার সেরা সুযোগ মনে করছেন। অভিজ্ঞ বিনিয়োগকারীর পাশাপাশি এবার তরুণ ও নতুন ক্রেতারাও বাজারে ভিড় করছেন বলে জানান তিনি।