সোমবার । মার্চ ৩০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৯ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শেয়ার

আমরা রক্ত ঝরিয়েছি বলেই আপনারা প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী: সংসদে হান্নান মাসউদ


hannan-masud

ছবি: সংগৃহীত

সরকারদলীয় সংসদ সদস্যদের তীব্র সমালোচনা করে নোয়াখালী–৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেছেন, “আমরা রক্ত ঝরিয়েছি বলেই আজ আপনারা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন।”

রোববার (২৯ মার্চ) সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।

বক্তব্যের শুরুতেই জেনারেশন জেডের (জেন-জি) আকাঙ্ক্ষার কথা তুলে ধরে হান্নান মাসউদ বলেন, “এই প্রজন্ম আর বাহাত্তরের সংবিধান চায় না। তারা জানতে চায় কেন স্বাধীনতার ৩০ বছর পর জন্ম নিয়েও তারা ভোটাধিকার পায়নি। আমরা স্বাধীন দেশে জন্ম নিয়ে নতুন পতাকা ও মানচিত্র পেয়েছি ঠিকই, কিন্তু কাঙ্ক্ষিত নিরাপদ বাংলাদেশ কি পেয়েছি? সেটা তো পাইনি।”

নির্বাচনী প্রচারের সময় নিজের গাড়িবহরে হামলার ঘটনা উল্লেখ করে তিনি সরকারকে সতর্ক করেন। সরকারদলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “আমরা রক্ত ঝরিয়েছি বলেই আজ আপনারা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। বিশ্বাসঘাতকতার মূল্য আপনাদের আবারও দিতে হবে।”

নির্বাচনের পর ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দেওয়ার কারণে এক নারীকে ধর্ষণের শিকার হতে হয়েছে দাবি করে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “৪২ দিন পার হলেও ডিএনএ প্রতিবেদন আসেনি, মামলা নিতেও তিনদিন দেরি হয়েছে। সিভিল সার্জন প্রতিবেদন দিলেও ভুক্তভোগী নারী জানে না সেখানে কী এসেছে। এই ভয়াবহ পরিস্থিতি কারা তৈরি করেছে?”

আইনের ব্যাখ্যা না দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে সন্ত্রাসীদের তালিকা করে বিচারের আওতায় আনার পরামর্শ দেন হান্নান মাসউদ। তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীকে মনোযোগ দেওয়া দরকার কোথায় কোথায় সন্ত্রাসীরা আছে তাদের তালিকা করে বিচারের আওতায় আনার। বিরোধীদলীয় নেতাকর্মীরা হত্যার শিকার হয়েছেন, তার বিচার করা দরকার।”

অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আরও আলোচনা করেন বিএনপিদলীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক, আবদুল আজিজ ও মোহাম্মদ আব্দুল মালিক প্রমুখ।