
সংগৃহীত ছবি
জাতীয় সংসদের বর্তমান কার্যক্রমে জুলাই সনদ ও গণভোটের রায় কোনোভাবেই প্রতিফলিত হচ্ছে না বলে অসন্তোষ প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, যে প্রক্রিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ গঠিত হয়েছে—নির্বাচনের পাশাপাশি গণভোটের মাধ্যমেও—সে বিষয়টি এখন কার্যক্রমে সম্পূর্ণ অনুপস্থিত।
রোববার (২৯ মার্চ) বিকেলে সংসদ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সংসদের নিয়মিত কার্যক্রমে যাওয়ার আগে জনগুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে গণভোটের ফলাফল ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে আলোচনা হওয়া আবশ্যক। নাহিদ ইসলামের দাবি—এটি যেকোনো জাতীয় ইস্যুর তুলনায় বেশি গুরুত্বপূর্ণ, এবং সংসদে এর সুরাহা হওয়াই উচিত।
তিনি আরও উল্লেখ করেন, বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে নিয়ম অনুযায়ী একটি নোটিশ ইতোমধ্যে দেওয়া হয়েছে। স্পিকার ও সংসদ নেতৃবৃন্দের উদ্দেশে তিনি অনুরোধ জানান, দৈনন্দিন কার্যসূচিতে যাওয়ার আগে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত আলোচনাকে অগ্রাধিকার দিতে।





































