
ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে একটি বাড়িতে বন্দি করে রাখা নারী ও শিশুসহ ৭ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে টেকনাফের দক্ষিণ লম্বরী এলাকার একটি বসতবাড়িতে বেশ কয়েকজন নারী ও শিশুকে আটকে রাখা হয়েছে। তথ্যের সত্যতা যাচাইয়ে গত সোমবার বিকেল ৪টার দিকে কোস্টগার্ড স্টেশন টেকনাফ ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি করে রাখা নারী ও শিশুসহ মোট ৭ জনকে উদ্ধার করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে কোস্টগার্ড কর্মকর্তা জানান, সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে মালয়েশিয়া পৌঁছানোর প্রলোভন দেখিয়ে তাদের প্রলুব্ধ করেছিল। উদ্ধারকৃতদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক রয়েছে, যাদের সাগর পথে পাচারের পরিকল্পনা ছিল চক্রটির।
উদ্ধারকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মানবপাচার রোধে এবং জননিরাপত্তা নিশ্চিতে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।







































