
ফাইল ছবি
টানা দাবদাহের পর অবশেষে সারা দেশে বৃষ্টির সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে দেশের আট বিভাগেই কম-বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা আরও কমে আসতে পারে।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ জানান, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে বৃষ্টি হতে পারে। তবে বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির এই ধারা আগামী ১০ এপ্রিল পর্যন্ত চলতে পারে, এরপর ধীরে ধীরে বৃষ্টি কমে আবারও তাপমাত্রা বাড়তে শুরু করবে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত দুই দিন দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা দ্রুত কমে এসেছে। আজ সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস।
উল্লেখ্য, আবহাওয়া অফিসের মানদণ্ডে তাপমাত্রা ৩৬ থেকে ৪২ ডিগ্রির ওপর ভিত্তি করে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ ধরা হয়। তবে আগামী তিন দিনের এই টানা বৃষ্টির পূর্বাভাসে জনজীবনে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে দীর্ঘ গুমোট গরম কাটিয়ে পরিবেশ শীতল করতে এই বৃষ্টিপাত বড় ভূমিকা রাখবে।






































