বুধবার । এপ্রিল ৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৭ এপ্রিল ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শেয়ার

১৫ এপ্রিল থেকে সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা


sea

৫৮ দিন বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ

দেশের ইলিশ সম্পদ রক্ষায় আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এই ঘোষণা দেন।

মন্ত্রী জানান, ‘জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী’—এই প্রতিপাদ্য সামনে রেখে আগামী ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ’ পালন করা হবে। দেশের ইলিশ সমৃদ্ধ ২০টি জেলায় এই বিশেষ সপ্তাহ পালিত হবে।

জাটকা আহরণ, ক্রয়-বিক্রি ও মজুদ করা থেকে জনসাধারণকে বিরত থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “সবাইকে সচেতন হতে হবে। জাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালে সাগর থেকে শুরু করে বাজার পর্যন্ত কঠোর নজরদারি চালানো হবে।” প্রজনন মৌসুমে জাটকা ধরা, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি করা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।”