
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তা ইস্যুতে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ পর্যন্ত মোট এক হাজার ৬০টি ফ্লাইট বাতিল হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংকটের প্রভাবে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা আংশিক বা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে এসব গন্তব্যে চলাচলকারী বিভিন্ন এয়ারলাইনস তাদের নির্ধারিত ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়, যা আন্তর্জাতিক রুটে যাত্রী ও কার্গো পরিবহনকে মারাত্মকভাবে ব্যাহত করেছে।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত সর্বোচ্চ ৩৩৯টি ফ্লাইট বাতিল হয়েছে। এরপর ১০ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত ২৭৫টি, ২০ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত ২২৬টি এবং ৩০ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত আরও ১৬০টি ফ্লাইট বাতিলের তালিকায় যুক্ত হয়।

সর্বশেষ ৯ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত আরও ৬০টি ফ্লাইট বাতিল হওয়ার পর সর্বমোট বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬০টিতে।
সংশ্লিষ্টদের মতে, সময়ের সঙ্গে সঙ্গে ফ্লাইট বাতিলের হার কিছুটা কমলেও পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। মধ্যপ্রাচ্যের আকাশসীমা পর্যায়ক্রমে খুলে দেওয়া এবং নিরাপত্তা পরিস্থিতির উন্নতির ওপরই নির্ভর করছে ফ্লাইট পরিচালনার স্বাভাবিকতা।
এদিকে দীর্ঘদিনের এই ফ্লাইট বিপর্যয়ের কারণে হাজার হাজার যাত্রী, বিশেষ করে প্রবাসী কর্মীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেকেই কর্মস্থলে ফিরতে না পেরে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নিরাপত্তা নিশ্চিত হলেই পুরোদমে ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানানো হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক না হলে ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।









































