
নববর্ষ উপলক্ষে রমনার বটমূলে ছায়ানটের গান পরিবেশন
জীর্ণ পুরাতনকে পেছনে ফেলে নতুনের আবাহনে মুখরিত হয়ে উঠেছিল রাজধানীর রমনা বটমূল। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরের সূর্যোদয়ের পরপরই ধ্রুপদী সুরের মূর্ছনায় শুরু হয় ছায়ানট-এর ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠান, যা পরে শেষ হয় মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে।
ভোরের নির্মল আলো আর শীতল বাতাসে সম্মেলক কণ্ঠে ধ্বনিত হয় বাঙালির চিরচেনা গান ও বাণী। ধ্রুপদী সংগীতের আবহে নতুন বছরের আহ্বান জানানো হয় শান্তি, সম্প্রীতি ও কল্যাণময় আগামীর প্রত্যাশায়।
প্রায় দুইশত শিল্পীর অংশগ্রহণে আয়োজিত এ প্রভাতী অনুষ্ঠান রূপ নেয় এক বর্ণিল সাংস্কৃতিক মিলনমেলায়। সম্মেলক ও একক পরিবেশনায় পরিবেশিত হয় একাধিক গান ও কবিতা, যা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।

অশুভ শক্তির বিনাশ এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ এক নতুন সূচনার প্রত্যাশা নিয়েই শেষ হয় এবারের বর্ষবরণ আয়োজন। সুরের মূর্ছনায় ভোরের রমনা বটমূল যেন হয়ে ওঠে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য প্রতিচ্ছবি।
রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজারো মানুষ ভোর থেকেই রমনা এলাকায় জড়ো হন এই অনুষ্ঠান উপভোগ করতে। নিরাপত্তা ও শৃঙ্খলার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয় ছায়ানটের এই প্রভাতী বর্ষবরণ আয়োজন।



































