বুধবার । এপ্রিল ১৫, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ১৪ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শেয়ার

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড


newzealand

ছবি: সংগৃহীত

বাংলাদেশের মাটিতে সাদা বলের দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইতোমধ্যেই ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। ২৬ সদস্যের বিশাল বহর নিয়ে গতকাল রাত ১১টার দিকে রাজধানীতে পা রাখে কিউইরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের সরাসরি দলীয় হোটেলে নিয়ে যাওয়া হয়েছে।

নিউজিল্যান্ডের এই বহরের বেশিরভাগ সদস্য একসঙ্গে এলেও তিনজন ক্রিকেটার পরে আলাদাভাবে দলের সঙ্গে যোগ দিয়েছেন। তারা নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলে সরাসরি ঢাকায় এসেছেন। রাতের ফ্লাইটে খেলোয়াড়, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের আরও ২২ জন সদস্য ঢাকায় পৌঁছালে পূর্ণতা পায় কিউই শিবির।

আসন্ন এই সিরিজের ওয়ানডে পর্বের পর্দা উঠবে আগামী ১৭ এপ্রিল মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। এরপর দুই দল উড়াল দেবে বন্দরনগরী চট্টগ্রামে; সেখানে ২৩ এপ্রিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ওয়ানডে সিরিজের লড়াই শেষে শুরু হবে টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা। চট্টগ্রামের মাঠেই ২৭ ও ২৯ এপ্রিল টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলতে দুই দল আবার ঢাকায় ফিরবে। ২ মে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সমাপনী ম্যাচের মধ্য দিয়ে নিউজিল্যান্ডের এই সফর শেষ হবে।

ঘরের মাঠে কিউইদের বিপক্ষে এই হাই-ভোল্টেজ সিরিজকে ঘিরে ক্রিকেট ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।