বুধবার । এপ্রিল ১৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৪ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শেয়ার

আনন্দ-উল্লাসে শেষ হলো ‘বৈশাখী শোভাযাত্রা’


boishak

শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’

‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আনন্দ-উল্লাস আর বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজিত ‘বৈশাখী শোভাযাত্রা’।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় শুরু হওয়া এই শোভাযাত্রায় অংশ নেন হাজারো উচ্ছ্বসিত মানুষ। সকাল সাড়ে ১০টার কিছু পরে শোভাযাত্রাটি পুনরায় চারুকলা অনুষদে ফিরে আসার মাধ্যমে এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

boishakhi1

বৈশাখী শোভাযাত্রা

সকাল ৯টায় শোভাযাত্রার যাত্রা শুরু হলেও পহেলা বৈশাখের প্রথম প্রহর থেকেই চারুকলা প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করেন সর্বস্তরের মানুষ। শোভাযাত্রাটি অনুষদের ৩ নম্বর গেট দিয়ে বের হয়ে শাহবাগ মোড় ঘুরে রাজু ভাস্কর্য ও টিএসসি প্রাঙ্গণ হয়ে দোয়েল চত্বর প্রদক্ষিণ করে। এরপর বাংলা একাডেমির সামনে দিয়ে ঘুরে পুনরায় চারুকলায় এসে শেষ হয়।

এবারের শোভাযাত্রায় লোকজ ঐতিহ্যের ধারায় পাঁচটি প্রধান প্রতীকী মোটিফ স্থান পেয়েছে। এগুলো হলো— মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়া। এই প্রতীকগুলো যথাক্রমে শক্তি, সৃজন, শান্তি, গৌরব ও গতিময়তার বার্তা নিয়ে রাজপথে প্রদর্শিত হয়।

Boishakh 2

বৈশাখী শোভাযাত্রা

নিরাপত্তার স্বার্থে এবার প্রশাসনের পক্ষ থেকে কয়েক স্তরের কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ব্যাগ বহন ও মুখে মুখোশ পরা নিষিদ্ধ থাকলেও অংশগ্রহণকারীরা চারুকলার তৈরি করা কারুকার্যময় মুখোশ হাতে নিয়ে নেচে-গেয়ে উৎসবে মাতেন। এ সময় ভুভুজেলা বাঁশি ও আতশবাজি ব্যবহারের ওপরও কঠোর নিষেধাজ্ঞা ছিল।

boishakhi

বৈশাখী শোভাযাত্রা

উল্লেখ্য, দীর্ঘ সময় ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে পরিচিত এই আয়োজনটি এ বছর থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে অনুষ্ঠিত হচ্ছে। নাম পরিবর্তনের বিষয়ে গত ৫ এপ্রিল সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছিলেন, পহেলা বৈশাখ মূলত সাধারণ মানুষ ও কৃষকের উৎসব। এই আয়োজনের নাম নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটাতে এবং গণতান্ত্রিক বৈচিত্র্যের ঐক্য বজায় রাখতেই এই নতুন নামকরণ করা হয়েছে।

আশির দশকে শুরু হওয়া এই উৎসব ২০১৬ সালে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি লাভ করে। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর এবং জনআকাঙ্ক্ষার কথা বিবেচনা করে ২০২৫ সালে এর নাম সাময়িকভাবে পরিবর্তন করা হলেও এ বছর থেকে এটি ‘বৈশাখী শোভাযাত্রা’ হিসেবে স্থায়ী রূপ পেল।

বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প