শনিবার । মে ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৩ মে ২০২৬, ১:৫২ অপরাহ্ন
শেয়ার

দেশীয় প্রযুক্তির ইলেক্ট্রিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, দিলেন সহযোগিতার আশ্বাস


Electric Car

প্রধানমন্ত্রী প্রথমে একটি এসইউভি এবং পরে একটি কাভার্ড ভ্যান চালিয়ে দেখেন

দেশীয় প্রযুক্তিতে তৈরি ইলেক্ট্রিক ভেহিক্যাল (ইভি) চালিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বাংলাদেশি নির্মাতা প্রতিষ্ঠানের প্রশংসা করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

শনিবার (২৩ মে) সকালে তিনি রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনা বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তৈরি কয়েকটি ইভি পরিদর্শন করেন। এ সময় তিনি নিজে একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি) ও একটি কাভার্ড ভ্যান চালিয়ে দেখেন।

নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে জানানো হয়, বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশের প্রথম ইলেক্ট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। তাদের তৈরি গাড়িগুলো সম্পূর্ণ ব্যাটারিচালিত ও পরিবেশবান্ধব। এতে জ্বালানি তেলের প্রয়োজন হয় না এবং বিদ্যুৎ খরচও তুলনামূলক কম। একই সঙ্গে গাড়িগুলোর দামও সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার চেষ্টা করা হয়েছে।

প্রধানমন্ত্রী তাদের আশ্বস্ত করেন, সব ধরনের মান ও নিরাপত্তা নিশ্চিত করে যদি বৈদ্যুতিক যান উৎপাদন করা যায় এবং এর মাধ্যমে দেশ উপকৃত হয়, তাহলে সরকার সহযোগিতা করবে।

PM SUV

প্রধানমন্ত্রীকে দেখানোর জন্য কার্যালয় প্রাঙ্গণে আনা হয় দুটি এসইউভি, একটি কাভার্ড ভ্যান, একটি ট্রাক, একটি অটোরিকশা এবং দুটি মোটরসাইকেল। সকাল ১০টার দিকে কার্যালয়ে পৌঁছে প্রধানমন্ত্রী নিজ দপ্তরে প্রবেশের আগে গাড়িগুলো পরিদর্শন করেন। প্রথমে তিনি একটি এসইউভি চালান। এ সময় নির্মাতা প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি তার সঙ্গে ছিলেন এবং গাড়িটির বিভিন্ন প্রযুক্তিগত দিক তুলে ধরেন। পরে প্রধানমন্ত্রী একটি কাভার্ড ভ্যানও চালিয়ে দেখেন।

পরে প্রধানমন্ত্রী নির্মাতা প্রতিষ্ঠানের চেয়ারম্যান এ মান্নান হোসেন খান ও ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদ কবিরকে নিয়ে নিজ দপ্তরে যান। সেখানে তিনি ইভি গাড়ির বাজারজাতকরণ ও সম্ভাবনা নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেন।

বৈঠক শেষ নির্মাতা প্রতিষ্ঠানের চেয়ারম্যান এ মান্নান হোসেন খান বলেন, গাড়িগুলো দেশীয় প্রযুক্তিতে তৈরি হলেও কিছু কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয়। এসব কাঁচামালের ওপর শুল্ক সুবিধা পেলে বেশ কম খরচে গাড়ি বাজারে আনা সম্ভব হবে। এতে দেশের মানুষ কম দামে গাড়ি কিনতে পারবে।

ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদ কবির জানান, ইউরোপীয় মান বজায় রেখে গাড়িগুলো তৈরি করা হয়েছে। ফলে খুব শিগগিরই বিদেশে রপ্তানির সম্ভাবনাও রয়েছে।

নির্মাতাদের তথ্য অনুযায়ী, এসইউভি ধরনের একটি গাড়ি একবার চার্জে ৪৫০ কিলোমিটারের বেশি চলতে পারে। স্বাভাবিক চার্জে ব্যাটারি পূর্ণ হতে সময় লাগে ৫ থেকে ৬ ঘণ্টা, আর ফাস্ট চার্জিংয়ে লাগে আধা ঘণ্টা। অন্যদিকে ট্রাক ও কাভার্ড ভ্যান একবার চার্জে প্রায় ২০০ কিলোমিটার চলতে সক্ষম। এসব গাড়ির ব্যাটারি পূর্ণ চার্জ হতে সাধারণভাবে প্রায় ৬ ঘণ্টা এবং দ্রুত চার্জে প্রায় ৪০ মিনিট সময় লাগে।