সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১৩ জুন ২০১৬, ৬:৫৭ অপরাহ্ন
শেয়ার

দ.কোরিয়ায় ডুবে যাওয়া ফেরি উত্তোলন শুরু


2016-06-13_3_408849দক্ষিণ কোরিয়ায় দুই বছরেরও বেশী সময় আগে সাগরে তলিয়ে যাওয়া ফেরি উত্তোলনের কাজ শুরু হয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় পুরো দেশ শোকাহত ও ক্ষুব্ধ।
২০১৪ সালের এপ্রিলে জিন্দো দ্বীপের দক্ষিণ-পশ্চিম উপকূলে সাউল নামের ফেরিটি ডুবে যাওয়ার সময় এতে ৪৭৬ জন আরোহী ছিল। এদের মধ্যে ৩০৪ জন প্রাণ হারায়। নিহতদের বেশীর ভাগই ছিল শিক্ষার্থী।
এ দুর্ঘটনায় প্রাণ হারানো কিছু লোকের পরিবার ফেরিটি উপরে টেনে তোলার দাবি জানিয়ে আসছিল। এতে তাদের আশা এ ঘটনায় এখনো নিখোঁজ থাকা নয়জনের লাশের সন্ধান পাওয়া যেতে পারে।
সিউল সরকার গত বছর ৬ হাজার ৮২৫ টন ধারণ ক্ষমতা সম্পন্ন ফেরিটি উত্তোলনের ঘোষণা দেয় এবং চীনা কনসোর্টিয়ামের নেতৃত্বাধীন রাষ্ট্র পরিচালিত সাংহাই স্যালভেজ কোম্পানিকে এ কাজের জন্য নির্বাচিত করে।
ফেরি তোলার কাজে শোকাহত পরিবারের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা জাং সিয়ং-উক এএফপিকে বলেন, স্থানীয় সময় বেলা ২ টায় এ কাজ শুরু করা হয়।
কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার মধ্যে একটি মাছ ধরা নৌযান থেকে পরিবারের সদস্যরা গভীর উৎকণ্ঠা নিয়ে ফেরি তোলার কাজ প্রত্যক্ষ করে। এক্ষেত্রে ভোরেই প্রস্তুতি কাজ সম্পন্ন করা হয়। উল্লেখ্য, ফেরি তোলার কাজ স্বাভাবিকভাবে চললে জুলাইয়ের শেষ নাগাদ এটি উপরে টেনে তোলা সম্ভব হতে পারে।