বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৪ জুলাই ২০২৫, ৮:৫৮ অপরাহ্ন
শেয়ার

‘বর্তমান সরকারের আমলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে’


asifজুলাই হত্যাকাণ্ডের বিচার বর্তমান সরকারের আমলেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের ২১ জন শহীদ হয়েছেন, এছাড়াও সাড়ে তিনশ মানুষ আহত হয়েছেন। এই ঘটনার বিচার কার্যক্রম পূর্ণ গতিতে এগিয়ে চলছে এবং কোনো ধরনের গাফিলতি থাকবে না।’

সোমবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জ এলাকায় দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, ‘জুলাইয়ে আহত ও নিহত অনেকগুলো মামলার তদন্তের অগ্রগতি হয়েছে। ৫ আগস্টের আগেই এসব মামলার চার্জশিট দিতে বলা হয়েছে। চার্জশিট দিলেই বিচারের প্রক্রিয়া শুরু হবে। প্রয়োজনে দ্রুত বিচার আইনে শহীদদের হত্যার বিচার করা হবে।’

দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ড. আসিফ নজরুল বলেন, “জুলাইয়ে আমরা সবাই মিলে ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করেছিলাম। সেই ঐক্য ধরে রাখতে হবে। বৈষম্যহীন, গণতান্ত্রিক একটি নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে অপশাসনের জায়গা থাকবে না।”

তিনি আরও বলেন, “স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা চলছে। চাঁদাবাজি ও হত্যাকাণ্ডের মতো অপরাধ হচ্ছে। কিন্তু জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, তবে প্রশাসনের সহায়তায় এসব অপশক্তিকে প্রতিহত করা সম্ভব।”

এসময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।