বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৫ মার্চ ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শেয়ার

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনায় মির্জা ফখরুলের শোক প্রকাশ


fakrul

ফাইল ছবি

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৫ মার্চ) রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই শোক জানান তিনি।

বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অর্ধশত যাত্রী নিয়ে একটি বাস পদ্মা নদীতে পড়ে যাওয়া এবং দীর্ঘ সময় পার হলেও অধিকাংশ যাত্রীর হদিস না পাওয়া অত্যন্ত উদ্বেগজনক। এই মর্মান্তিক ঘটনায় অসংখ্য প্রাণহানির আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের ঘটনায় সারা দেশে জনমনে গভীর উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।

তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দীর্ঘদিনের অবহেলা ও অসতর্কতার কারণেই বারবার এ ধরনের প্রাণহানি ঘটছে। যদি আগে থেকে সজাগ ও সতর্ক থাকা যেত, তবে অনেক ক্ষেত্রেই এই ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়ানো সম্ভব হতো।

নদীতে তলিয়ে যাওয়া যাত্রীদের দ্রুত উদ্ধারে সর্বোচ্চ গতিতে অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান তিনি। এছাড়া এই ভয়াবহ দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কমিটি গঠন এবং দায়ীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে বর্তমান সরকারের দৃঢ় সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেন মির্জা ফখরুল।

বিবৃতির শেষে তিনি দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান।