
ফাইল ছবি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (২৫ মার্চ) রাত ৮টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই শোক জানান। পোস্টে জামায়াত আমির এই হৃদয়বিদারক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের জান্নাতুল ফিরদাউস নসীব করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের ট্র্যাজেডি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া পরিবহন খাতে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে জরুরি ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
পোস্টে তিনি এই কঠিন সময়ে নিরলসভাবে কাজ করে যাওয়া ফায়ার সার্ভিসসহ সকল উদ্ধারকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সবশেষে দুর্গত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন তিনি সবাইকে এই ধরনের জানমালের ক্ষয়ক্ষতি ও বিপদ থেকে হেফাজত করেন।
উল্লেখ্য, আজ বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়ার কুমারখালী থেকে আসা ‘সৌহার্দ্য পরিবহনের’ একটি বাস দৌলতদিয়া ৩ নম্বর পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর পদ্মায় তলিয়ে যায়। সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, এই দুর্ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৪৫ জন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন।









































