বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ২৫ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শেয়ার

দুবাইয়ে লটারিতে ১২ কোটি টাকা জিতলেন বাংলাদেশি মনিরুল


dubai-lottery

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ‘দুবাই ডিউটি ফ্রি’ লটারির ড্রতে ১ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ২৫ লাখ টাকা) জিতেছেন বাহরাইনে বসবাসরত এক বাংলাদেশি। বিজয়ী এ কে মনিরুল ইসলাম (৫২) বাহরাইনের মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের একজন কর্মচারী।

বুধবার (২৫ মার্চ) দুবাই ডিউটি ফ্রি মিলেনিয়াম মিলিয়নিয়ার অ্যান্ড ফাইনেস্ট সারপ্রাইজ ড্রয়ের ফলাফল ঘোষণা করা হলে সেখানে তার নাম উঠে আসে। মনিরুল ইসলাম গত ১০ বছর ধরে বাহরাইনে কর্মরত এবং গত তিন বছর ধরে নিয়মিত এই লটারিতে অংশ নিয়ে আসছেন।

জানা গেছে, গত ১৮ মার্চ অনলাইনে কেনা ‘মিলেনিয়াম মিলিয়নিয়ার সিরিজ ৫৩৯’-এর একটি টিকিটের বিপরীতে তিনি এই বিশাল অংকের পুরস্কারটি জিতেছেন।

দুবাই ডিউটি ফ্রি লটারি মূলত ভ্রমণকারী ও প্রবাসীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। অনলাইনের পাশাপাশি বিমানবন্দরের নির্ধারিত কাউন্টার থেকেও এই লটারির টিকিট সংগ্রহ করা যায়। একটি নির্দিষ্ট সিরিজের সব টিকিট বিক্রি শেষ হলে আনুষ্ঠানিকভাবে ড্রয়ের মাধ্যমে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

হঠাৎ করে লটারিতে এত বড় অংকের টাকা জেতার খবর ছড়িয়ে পড়লে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ দেখা গেছে।