বৃহস্পতিবার । মার্চ ৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ৬ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন
শেয়ার

আবুধাবিতে সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি


abu-soiod

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিটের সাপ্তাহিক ড্রয়ে ১০ লাখ দিরহাম জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি। বাংলা টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ৩ কোটি টাকা। বিজয়ীর নাম মোহাম্মদ আলওয়ারুদ্দিন হাজী আবু সৈয়দ। তিনি দীর্ঘ ২১ বছর ধরে আমিরাতের আল আইনে বসবাস করছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ছয় বছর ধরে নিয়মিতভাবে বিগ টিকিট কিনে আসছিলেন মোহাম্মদ আলওয়ারুদ্দিন। তিনি ৯ জন বন্ধুর সঙ্গে দলবদ্ধভাবে প্রতি মাসে টিকিট সংগ্রহ করতেন। অবশেষে সিরিজ ২৮৩-এর ড্রতেই ধরা দেয় তার দীর্ঘ অপেক্ষার সাফল্য।

পুরস্কার জয়ের অনুভূতি প্রকাশ করে মোহাম্মদ আলওয়ারুদ্দিন বলেন, এত বছর চেষ্টা করার পর এমন কিছু ঘটবে, তা কখনো কল্পনা করেননি। এই সাফল্য তাকে বিস্মিত করেছে এবং ধৈর্য ও ধারাবাহিকতার ওপর তার বিশ্বাস আরও দৃঢ় করেছে।

পুরস্কারের অর্থ কীভাবে ব্যয় করবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। তবে ভবিষ্যতেও বিগ টিকিটে অংশ নেওয়ার আগ্রহ ও অনুপ্রেরণা আরও বেড়েছে বলে জানান।

এদিকে চলতি মাসে বিগ টিকিটের গ্র্যান্ড প্রাইজ হিসেবে রাখা হয়েছে দেড় কোটি দিরহাম। আগামী ৩ মার্চ সরাসরি ড্রয়ের মাধ্যমে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। পাশাপাশি পাঁচজনকে দেওয়া হবে এক লাখ দিরহাম করে সান্ত্বনা পুরস্কার।

ফেব্রুয়ারি মাসজুড়ে চারটি সাপ্তাহিক ই-ড্র অনুষ্ঠিত হবে। প্রতিটি ড্রতে চারজন করে বিজয়ী পাবেন ৫০ হাজার দিরহাম। ড্রগুলো বিগ টিকিটের ইউটিউব চ্যানেলে স্থানীয় সময় সকাল ১১টায় সরাসরি সম্প্রচার করা হবে। সূচি অনুযায়ী ৯ ফেব্রুয়ারি প্রথম, ১৬ ফেব্রুয়ারি দ্বিতীয়, ২৩ ফেব্রুয়ারি তৃতীয় এবং ১ মার্চ চতুর্থ ড্র অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ফেব্রুয়ারি মাসে চলছে ‘দ্য বিগ উইন কনটেস্ট’। ১ থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে এক লেনদেনে দুই বা তার বেশি টিকিট কিনলে নির্বাচিত কিছু গ্রাহক ৩ মার্চের লাইভ ড্রয়ে অংশ নেওয়ার সুযোগ পাবেন। সেখানে তারা ৫০ হাজার থেকে দেড় লাখ দিরহাম পর্যন্ত নিশ্চিত নগদ পুরস্কারের জন্য প্রতিযোগিতা করবেন। নির্বাচিত চারজনের নাম ১ মার্চ বিগ টিকিটের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

চলতি মাসে বিগ টিকিটের ড্রিম কার সিরিজও চলমান রয়েছে। ৩ মার্চের ড্রতে একটি রেঞ্জ রোভার ভেলার জেতার সুযোগ থাকছে। এছাড়া ৩ এপ্রিলের ড্রতে রাখা হয়েছে একটি মাসেরাতি গ্রেকালে।

অনলাইনের পাশাপাশি জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর, মাদিনাত বিন জায়েদ সিটি, মোরাফিক মুসাফাহ এবং আল আইন বিমানবন্দরের নির্ধারিত কাউন্টার থেকেও বিগ টিকিট সংগ্রহ করা যাচ্ছে।