বৃহস্পতিবার । মার্চ ৫, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ২৬ জানুয়ারি ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শেয়ার

আরব আমিরাতে ওয়ার্ক পারমিট বিষয়ে নতুন নির্দেশনা


amirat

ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বৈধভাবে কাজ করার জন্য দেশটির মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয় পুনরায় অফিসিয়াল ওয়ার্ক পারমিট থাকা বাধ্যতামূলক বলে জানিয়েছে।

মন্ত্রণালয় রোববার (২৫ জানুয়ারি) গালফ নিউজকে জানায়, কোনো নিয়োগকর্তা অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ না করে শ্রমিককে কাজের জন্য নিয়োগ দিতে পারবে না। এই নির্দেশনার উদ্দেশ্য হলো শ্রমিক ও নিয়োগকর্তার মধ্যে সম্পর্ক নিয়ন্ত্রণ করা, শোষণ রোধ করা এবং শ্রমবাজারে স্বচ্ছতা নিশ্চিত করা।

মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ইউএই ১২ ধরনের ওয়ার্ক পারমিট স্বীকৃতি দিয়েছে, যা শ্রমিকের অবস্থান এবং কর্মসংস্থানের ধরণ অনুযায়ী প্রযোজ্য। বিদেশ থেকে শ্রমিক নিয়োগের পারমিটের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো অনুমোদিত শর্ত পূরণ সাপেক্ষে বিদেশ থেকে কর্মী নিয়োগ করতে পারে। এছাড়া দেশের অভ্যন্তরে ইতোমধ্যে অবস্থানরত শ্রমিকের পূর্ববর্তী কর্মসংস্থান শেষ হলে নতুন কোম্পানিতে যোগদানের সুযোগ দেয় ট্রান্সফার ওয়ার্ক পারমিট। ডিপেন্ডেন্ট ভিসাধারী বাসিন্দারা পারিবারিক স্পনসরশিপের অধীনে মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে কর্মক্ষেত্রে যোগ দিতে পারে।

স্বল্পমেয়াদি প্রয়োজন বা নির্দিষ্ট প্রকল্পের জন্য টেম্পোরারি ও মিশন পারমিট ব্যবহৃত হয়। পাশাপাশি পার্ট-টাইম ওয়ার্ক পারমিট কম ঘণ্টায় কাজের সুযোগ দেয় এবং একাধিক নিয়োগকর্তার অধীনে কাজের স্বাধীনতা নিশ্চিত করে। ১৫ থেকে ১৮ বছর বয়সী যুবকদের জন্য জুভেনাইল পারমিটের মাধ্যমে কঠোর শর্ত পূরণ সাপেক্ষে নিয়োগের অনুমতি দেওয়া হয়।

মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, এই পারমিট ব্যবস্থার মাধ্যমে শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের স্বার্থ রক্ষা হয় এবং শ্রমবাজারকে আরও নিয়ন্ত্রিত ও স্বচ্ছ করে তোলা সম্ভব হয়। বৈধ পারমিট ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কাজ করলে শ্রম আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইউএই সরকার ইতিমধ্যেই শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং বৈধ কর্মসংস্থান নিশ্চিত করতে এই নিয়মকানুন কঠোরভাবে প্রয়োগ করছে।