শনিবার । এপ্রিল ১৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৮ এপ্রিল ২০২৬, ৯:১৩ অপরাহ্ন
শেয়ার

জনগণকে আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার


ATM-Azhar

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ক্ষমতায় আসার দুই মাস পূর্ণ হওয়ার আগেই জনগণকে দাবি আদায়ে রাজপথে নামতে হয়েছে। জনগণের ভাষা বুঝে তাদের আন্দোলনে নামতে বাধ্য না করার আহ্বান জানান তিনি।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক মোড়ে ১১ দলীয় ঐক্যের আয়োজিত গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

সরকারের উদ্দেশে আজহার বলেন, নির্বাচনের আগে গণভোটের রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন সংবিধানের অজুহাত দেখানো হচ্ছে। এক আইন মানা আর আরেক আইন অমান্য করা জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, অতীতে বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়েও কোনো সরকার টিকে থাকতে পারেনি। জনগণের শক্তিকে উপেক্ষা করে আন্দোলন দমন সম্ভব নয় বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, বিভিন্ন সাংবিধানিক ও প্রশাসনিক প্রতিষ্ঠানে দলীয় লোক বসিয়ে সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হচ্ছে।

জাগপার সহসভাপতি রাশেদ প্রধান বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি সংকটে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সরকারের সমালোচনা করলেই নির্যাতনের শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সমাবেশ শেষে একটি গণমিছিল রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।