
ছবি: সংগৃহীত
মাঠের লড়াইয়ে দুর্দান্ত সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন আফগান লেগ-স্পিনার রশিদ খান। গতকাল শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে তার দল গুজরাট টাইটান্সের জয়ের রেশ কাটতে না কাটতেই জীবনের নতুন এক বড় ইনিংস শুরু করলেন এই তারকা। প্রথমবারের মতো বাবা হয়েছেন তিনি।
শনিবার (১৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বাবা হওয়ার এই আনন্দের খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই আফগান সুপারস্টার। শুক্রবারই তার স্ত্রীর কোলজুড়ে আসে এক পুত্র সন্তান।
রশিদ খান তার নবাগত পুত্রের নাম রেখেছেন ‘আসলান’, তুর্কি ভাষায় যার অর্থ হলো ‘সিংহ’। সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘হ্যালো বিশ্ব, আমার নাম আসলান।’ পাশাপাশি নিজের অনুভূতি ব্যক্ত করে তিনি লেখেন, ‘আমার ছোট রাজপুত্রকে পৃথিবীতে স্বাগত।’ একই সাথে স্ত্রী ও সন্তানের সুস্থতার জন্য ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন তিনি।

ব্যক্তিগত জীবনে বড় পরিবর্তনের সময়ও মাঠে নিজের পেশাদারিত্বে অবিচল ছিলেন রশিদ। স্ত্রী সন্তানসম্ভবা হওয়া সত্ত্বেও আইপিএল থেকে বিরতি না নিয়ে নিয়মিত গুজরাট টাইটান্সের হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি। এমনকি পুত্র সন্তানের জন্মের সময়ও তিনি ২২ গজের লড়াইয়ে ব্যস্ত ছিলেন।
এবারের আইপিএলে এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলে ৬টি উইকেট শিকার করেছেন রশিদ। বল হাতে কৃপণতা বজায় রাখার পাশাপাশি ব্যাট হাতেও দলের প্রয়োজনে অবদান রাখছেন এই লেগ-স্পিনার।
মাঠের জয় আর ঘরে নতুন অতিথির আগমন—সব মিলিয়ে বর্তমানে দারুণ এক সময় পার করছেন রশিদ খান। সতীর্থ ক্রিকেটার ও ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন এই আফগান তারকা।













































