
ছবি: সংগৃহীত
জয়ের আশা জাগিয়েও ব্যাটিং ব্যর্থতায় নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করল বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে পরাজয় বরণ করেছে স্বাগতিকরা। সাইফ হাসান, লিটন দাস ও তাওহীদ হৃদয়ের ব্যাটে জয়ের সম্ভাবনা তৈরি হলেও মিডল অর্ডারের ব্যর্থতায় পরাজয় এড়ানো সম্ভব হয়নি।
টস জিতে আগে ব্যাটিং করতে নেমে সপ্তম ওভারেই ওপেনার নিক কেলিকে হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। তাকে সাজঘরে ফেরান শরিফুল ইসলাম। এরপর হেনরি নিকোলস ও উইল ইয়ংয়ের ৭৩ রানের জুটিতে প্রতিরোধ গড়ে তোলে সফরকারীরা। ইয়ংকে ৩০ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন রিশাদ হোসেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একপর্যায়ে চাপে পড়ে কিউইরা।
তবে শেষদিকে ডিন ফক্সক্রফটের দায়িত্বশীল অর্ধশতক নিউজিল্যান্ডকে লড়াকু পুঁজি এনে দেয়। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে তারা। বাংলাদেশের পক্ষে শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ প্রত্যেকে দুটি করে উইকেট নেন।

২৪৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় মাত্র ২১ রানেই সাজঘরে ফেরেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে সাইফ হাসান ও লিটন দাস ৯৩ রানের দারুণ এক জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন। সাইফ ৭৬ বলে ৫৭ রান এবং লিটন ৬৮ বলে ৪৬ রান করে বিদায় নিলে চাপে পড়ে স্বাগতিকরা।
পঞ্চম উইকেটে তাওহীদ হৃদয় ও আফিফ হোসেন ধ্রুব চেষ্টা করলেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। আফিফ ৪৯ বলে ২৭ রানের ধীরগতির ইনিংস খেলে বিদায় নিলে বাংলাদেশের রানের গতি কমে যায়।
অধিনায়ক মেহেদী মিরাজও দ্রুত বিদায় নিলে ১৯৪ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে টাইগাররা। একপ্রান্ত আগলে রেখে তাওহীদ হৃদয় ৫৫ রানের কার্যকরী ইনিংস খেললেও অন্য প্রান্তের ব্যর্থতায় জয়বঞ্চিত থাকতে হয় বাংলাদেশকে।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ২৪৭/৮ (৫০ ওভার); নিকোলস ৬৮, ফক্সক্রফট ৫৯; শরিফুল ২/২৭, রিশাদ ২/৪৪, তাসকিন ২/৫০।
বাংলাদেশ: ২২১/১০ (৪৮.৩ ওভার); সাইফ ৫৭, হৃদয় ৫৫, লিটন ৪৬; টিকনার ৪/৪০, নাথান স্মিথ ৩/৪৫।
ফল: নিউজিল্যান্ড ২৬ রানে জয়ী।










































