
সব অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর। টুর্নামেন্ট সামনে রেখে আজ শনিবার (১৮ এপ্রিল) থেকে শুরু হয়েছে ক্রিকেটারদের দলবদল।
প্রথম দিনেই বড় চমক দেখিয়েছে প্রাইম ব্যাংক; তারা দলে ভিড়িয়েছে জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে। দীর্ঘদিন পর পুরনো ক্লাবে ফেরার সুযোগ পেয়ে রিয়াদও তার সন্তুষ্টি প্রকাশ করেছেন।আসর শুরুর কৃতিত্ব দিলেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালকে।

লিগ মাঠে গড়ানো নিয়েও স্বস্তির কথা জানিয়ে মাহমুদউল্লাহ বলেছেন, সবচেয়ে স্বস্তির খবর হচ্ছে প্রিমিয়ার লিগটা মাঠে গড়াতে যাচ্ছে, ইনশাআল্লাহ। আমরা সবাই এই সুযোগটার জন্য অপেক্ষা করছিলাম। ক্রিকেটারদের জন্য এটা অবশ্যই আনন্দের বিষয়।’
গত কয়েক মাসে লিগ আয়োজন নিয়ে অনিশ্চয়তার কারণে ক্রিকেটারদের মধ্যে যে দুশ্চিন্তা ছিল, সেটি কেটে গেছে তামিম ইকবালের কল্যানে। অ্যাডহক কমিটির সভাপতির প্রশংসায় মাহমুদউল্লাহ বলেছেন, ‘কৃতিত্ব তামিমকেই দিতে হবে। ও এসে এই উদ্যোগটা নেওয়ায় আমাদের দুশ্চিন্তা কেটেছে।”
তিনি আরো বলেন, অবশ্যই এটা ক্রিকেটারদের জন্য বড় আয়ের একটি উৎস, তবে দিনশেষে আমরা সবাই মাঠে থাকতে চাই, খেলতে চাই। মাঠে খেলার সুযোগ পাওয়ার থেকে বড় কিছু নেই।’
তামিম ইকবালের গতিশীল নেতৃত্বের ফলেই ক্রিকেটারদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে বলে ক্রিকেট মহলে আলোচনা চলছে।











































