বৃহস্পতিবার । মার্চ ৫, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ৫ মার্চ ২০২৬, ৯:০০ পূর্বাহ্ন
শেয়ার

বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি


us-bangla

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৮৯ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টা ৭ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট তাদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সংকটময় এই সময়ে প্রবাসীদের পাশে দাঁড়াতে ঢাকা–দুবাই–ঢাকা রুটে মোট দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এরই ধারাবাহিকতায় প্রথম ফ্লাইটটি বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে রওনা হয়ে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে দুবাই থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে পুনরায় যাত্রা করে।

সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি আজ বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় রাত ১০টায় ফিরতি যাত্রীদের নিয়ে দেশের পথে রওনা হবে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ ইউএস-বাংলা এয়ারলাইন্স, এমিরেটস ও এয়ার ইন্ডিয়াসহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।

ইউএস-বাংলা জানিয়েছে, যেসব প্রবাসী বাংলাদেশিদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে কিংবা দ্রুতই শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে এই ফ্লাইটে ভ্রমণের সুযোগ দেওয়া হচ্ছে।