শুক্রবার । এপ্রিল ১৭, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ১৬ এপ্রিল ২০২৬, ৭:০৭ পূর্বাহ্ন
শেয়ার

শারজায় বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা


helal

নিহত প্রবাসী মো. হেলাল

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরের একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা থেকে মো. হেলাল (২৫) নামে এক বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছে নিহতের পরিবার। নিহত হেলাল লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নুর আলমের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৩ সালের নভেম্বর মাসে জীবিকার তাগিদে আমিরাতে পাড়ি জমান হেলাল। সেখানে তিনি ‘নুর আল কামাল পেইন্ট কন্ট্রাক্টিং’ নামে একটি প্রতিষ্ঠানে পেইন্টার হিসেবে কর্মরত ছিলেন। গত ১১ এপ্রিল শারজাহর ১০ নম্বর ইন্ডাস্ট্রিয়াল এলাকায় কর্মস্থলের একটি টয়লেট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। হেলালের এক সহকর্মীর মাধ্যমে তার বাবা নুর আলম এই মৃত্যুর খবরটি জানতে পারেন।

ছেলের অকাল মৃত্যুতে ভেঙে পড়া নুর আলম দাবি করেন, হেলাল আত্মহত্যা করার মতো ছেলে নয়। তাকে কর্মস্থলে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বাংলাদেশ সরকারের মাধ্যমে আরব আমিরাত সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন। একইসঙ্গে আদরের সন্তানের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

পরিবারের সদস্যরা জানান, হেলালের বড় ভাই ফয়সালও একই কোম্পানিতে কাজ করতেন, কিন্তু কিছুদিন আগে সমস্যার কারণে তিনি দেশে ফিরে আসেন। এরপর থেকে হেলালই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার এই রহস্যজনক মৃত্যুতে পরিবারটিতে এখন অন্ধকারের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে লক্ষ্মীপুরের কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, বিষয়টি এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানা পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে খোঁজ-খবর নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।