
মৌসুমী হামিদ ও আবু সাইয়িদ রানা
ছোটপর্দার পরিচিত মুখ মৌসুমী হামিদ ও লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানার সংসার ভেঙে গেছে। প্রায় দুই বছর আগে বিয়ে করেছিলেন তারা।
বিচ্ছেদের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন মৌসুমী হামিদ। তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি। সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানান, বিষয়টি সত্য হলেও তিনি মানসিকভাবে এখন কথা বলার অবস্থায় নেই।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই তাদের সম্পর্কে টানাপোড়েন চলছিল। গত বছরের নভেম্বর থেকে আলাদা থাকতে শুরু করেন তারা। শোবিজ অঙ্গনে আবু সাইয়িদ রানার ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জনও শোনা যাচ্ছিল, যা দাম্পত্য কলহকে আরও বাড়িয়ে তোলে।
বিশেষ করে এক তরুণীর সঙ্গে রানার ঘনিষ্ঠতা নিয়ে পরিস্থিতি জটিল হয়ে ওঠে বলে জানা যায়। একপর্যায়ে পারিবারিক ও ব্যক্তিগত দ্বন্দ্ব চরমে পৌঁছালে আনুষ্ঠানিকভাবে মৌসুমীর কাছে ডিভোর্স নোটিশ পাঠান রানা।
২০২৪ সালের ১২ জানুয়ারি বিয়ে করেন মৌসুমী ও রানা। বিয়ের আগে তাদের মধ্যে প্রায় দুই বছরের পরিচয় ছিল।
উল্লেখ্য, লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পথচলা শুরু করেন মৌসুমী হামিদ। এরপর নাটকে নিয়মিত অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। ছোটপর্দার পাশাপাশি চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করে প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।





































