
তীব্র সমালোচনা ও বিতর্কের মুখে শেষ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে ‘সরকে চুনর তেরি সরকে’ গানটি। ‘কেডি-দ্য ডেভিল’ সিনেমার এই গানে অভিনয় করেছেন নোরা ফাতেহি ও সঞ্জয় দত্ত। গানটির কথা ও নাচের ভঙ্গিমা নিয়ে বিতর্কের জেরে ভারতের কেন্দ্রীয় সরকার এটি নিষিদ্ধ ঘোষণা করেছে।
বিতর্কের মধ্যেই এক ভিডিও বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করেছেন নোরা ফাতেহি। তিনি জানান, ‘সরকে চুনর’ গানের হিন্দি সংস্করণ সম্পর্কে আগে থেকে তার কোনো ধারণা ছিল না।
নোরার ভাষ্য অনুযায়ী, প্রায় তিন বছর আগে তিনি কন্নড় ভাষার ‘সারসি নিন্না’ গানের শুটিং করেছিলেন, যা একটি বড় বাজেটের সিনেমার অংশ ছিল। সেই সময় সঞ্জয় দত্তের সঙ্গে কাজের সুযোগ থাকায় তিনি এতে অংশ নেন।
তিনি বলেন, পরে গানটি হিন্দিতে ‘সরকে চুনর’ নামে প্রকাশ করা হলে এর লিরিক্স ও উপস্থাপনা নিয়ে যে বিতর্ক তৈরি হয়, সে বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না। “কেউ যেন মনে না করেন, আমি এমন কোনো কিছুকে সমর্থন করি,”—যোগ করেন তিনি।
ভক্তদের উদ্দেশে নোরা অনুরোধ জানান, সমালোচনার চাপেই নির্মাতারা গানটি সরিয়ে নিতে বাধ্য হয়েছেন, তাই এটি শেয়ার করে আর ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানান।
এদিকে, বিতর্ক ঘিরে ব্যক্তিগত আক্রমণের শিকার হওয়ায় হতাশাও প্রকাশ করেন এই অভিনেত্রী। তার মতে, এই ইস্যুকে কেন্দ্র করে কিছু মানুষের তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা ‘দুঃখজনক’।
সূত্র: ইন্ডিয়া টুডে







































