
মুক্তির আগেই সেন্সর কাটছাঁট নিয়ে আলোচনায় এসেছে ধুরন্ধর দ্য রিভেঞ্জ। আদিত্য ধরের পরিচালনায় নির্মিত ছবিটি মুক্তির মাত্র এক দিন আগে সেন্সর ছাড়পত্র পায় এবং তাতেই একাধিক পরিবর্তনের তথ্য সামনে আসে।
ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ছবিটিকে ‘এ’ সার্টিফিকেট দিয়েছে। তবে ছাড়পত্রের আগে পরীক্ষক কমিটি মোট ২১টি কাট ও পরিবর্তনের নির্দেশ দেয়।
সবচেয়ে বেশি কাটছাঁট হয়েছে সহিংস দৃশ্যগুলোতে। বিভিন্ন সহিংস দৃশ্য মিলিয়ে মোট ৩৪ সেকেন্ড কমানো হয়েছে, যার মধ্যে হাতুড়ি, সিমেন্ট ব্লক, চোখে আঘাত ও শিরশ্ছেদের মতো দৃশ্য রয়েছে। পাশাপাশি সংলাপের কিছু অশালীন শব্দ মিউট ও পরিবর্তন করার নির্দেশ দেওয়া হয়েছে।
ছবিতে সতর্কবার্তাও যুক্ত করতে বলা হয়েছে—বিশেষ করে মাদকসংক্রান্ত সতর্কতা এবং সংবেদনশীল দৃশ্য নিয়ে দর্শকদের আগাম সতর্ক করার বার্তা। এছাড়া কিছু সাবটাইটেল, শহরের নাম ও ঐতিহাসিক তথ্য সংশোধনের নির্দেশও দিয়েছে বোর্ড।
সব মিলিয়ে প্রায় ৯৪ সেকেন্ড দৃশ্য বাদ দেওয়া হয়েছে। কাটছাঁটের পর ছবিটির দৈর্ঘ্য দাঁড়িয়েছে প্রায় ৩ ঘণ্টা ৪৯ মিনিট, যা প্রথম কিস্তির তুলনায় আরও দীর্ঘ। রণবীর সিং অভিনীত এই সিনেমাটি মুক্তি পাচ্ছে ১৯ মার্চ। অবিলম্বে কার্যকর হবে।
সূত্র: বলিউড হাঙ্গামা












































