
ছবি: সংগৃহীত
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পাঠানো এক বিশেষ পত্রে তিনি এই অভিনন্দন জানান। বুধবার (২৫ মার্চ) বাসস সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
শুভেচ্ছা বার্তায় দ্রৌপদী মুর্মু বলেন, ‘ভারত সরকার, জনগণ এবং আমার পক্ষ থেকে জাতীয় দিবস উপলক্ষ্যে আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন।’
দুই দেশের গভীর সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে তিনি উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশ একটি অভিন্ন ইতিহাস, গভীর সাংস্কৃতিক বন্ধন এবং দীর্ঘস্থায়ী ভাষাগত ঐতিহ্যের মাধ্যমে আবদ্ধ, যা দুই দেশের ঘনিষ্ঠ অংশীদারিত্বের মজবুত ভিত্তি হিসেবে কাজ করছে।
ভারতের রাষ্ট্রপতি গত কয়েক বছরে দুই দেশের মধ্যকার উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করে বলেন, বাণিজ্য, কানেক্টিভিটি, উন্নয়ন অংশীদারিত্ব, বিদ্যুৎ, জ্বালানি ও শিক্ষা খাতের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে জনমুখী উন্নয়নের মাধ্যমে উভয় দেশের নাগরিকরাই সুফল ভোগ করছেন।
চিঠির শেষে তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি এগিয়ে নেওয়ার লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।





































