বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৪ জুলাই ২০২৫, ৯:৩৭ অপরাহ্ন
শেয়ার

৫ আগস্ট উদ্বোধন হবে ‘জুলাই স্মৃতি জাদুঘর’


farukiজুলাই স্মৃতি জাদুঘরের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। আগামী ৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে জাদুঘরটি—এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তবে উদ্বোধনের পরপরই জাদুঘরটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে না, জানিয়ে তিনি বলেন, যথাযথ প্রস্তুতি শেষে পরবর্তীতে উন্মুক্ত করা হবে।

সোমবার (১৪ জুলাই) গণভবনে অনুষ্ঠিত ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এতে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

ফারুকী জানান, একজন দর্শনার্থী যেন জাদুঘরে প্রবেশ করে উপলব্ধি করতে পারেন—জুলাই বিপ্লব কেন হয়েছিল, কেন মানুষের ক্ষোভ তৈরি হয়েছিল, কীভাবে সেই অভ্যুত্থান সংঘটিত হয়েছিল, তা-ই তুলে ধরা হবে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের দুঃশাসন এবং সেই সময়কার অপরাধমূলক কর্মকাণ্ডের দলিল থাকবে এই জাদুঘরে।

তিনি আরও বলেন, “শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার আদালত করবে। তবে আমাদের লক্ষ্য হলো, দর্শনার্থীরা যেন বিবেক দিয়ে তাদের অপরাধকে মূল্যায়ন করতে পারেন।”

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাদুঘরটিতে থাকবে জুলাই আন্দোলনের স্থিরচিত্র, শহীদদের ব্যবহার্য সামগ্রী, চিঠিপত্র, গণমাধ্যমের প্রতিবেদন, অডিও-ভিডিও দলিলসহ নানা স্মারক। জাদুঘরের একটি গুরুত্বপূর্ণ অংশজুড়ে থাকবে গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের বিষয়টি।