অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে। ইতোমধ্যেই প্রকল্পটির মাঠপর্যায়ের কাজ শেষ হয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগ। এ প্রকল্প বাস্তবায়নের জন্য উভয় দেশের সম্মতি প্রয়োজন। আমরা ইতোমধ্যে বেশ অগ্রগতি অর্জন করেছি।”
তিনি আরও জানান, ১৭ জুলাই বিশেষজ্ঞদের সমন্বয়ে প্রকল্পের পাঁচটি মূল বিষয়ের ওপর চূড়ান্ত আলোচনা অনুষ্ঠিত হবে। এরপর প্রস্তাবনা সরকারের অনুমোদনের জন্য পাঠানো হবে এবং ইআরডির মাধ্যমে তা চীনা কর্তৃপক্ষের কাছে পৌঁছানো হবে। চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার পর শুরু হবে প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর রিজওয়ানা হাসান সড়কপথে কুড়িগ্রামের উদ্দেশে রওনা হন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকীসহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন কর্মকর্তা।




































