বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
ডেস্ক রিপোর্ট জাতীয় ১৭ জুলাই ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
শেয়ার

গণঅভ্যুত্থানে হত্যাসহ ১২ মামলার চার্জশিট দিল পুলিশ


বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত ঘটনাসমূহের ভিত্তিতে দায়ের করা মামলার মধ্যে ১২টির তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে ৩টি হত্যা মামলা ও ৯টি অন্যান্য ধারায় রুজুকৃত মামলা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চার্জশিট দাখিলকৃত ৩টি হত্যা মামলার সবগুলোই শেরপুর জেলার। অন্য ৯টি মামলার মধ্যে একটি রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অধীনে, একটি বরিশাল মেট্রোপলিটন পুলিশের, ৩টি চাঁপাইনবাবগঞ্জে, ২টি সিরাজগঞ্জে এবং বাকি ২টি মামলার তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এআইজি ইনামুল আরও জানান, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে দায়ের হওয়া প্রতিটি মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তদারকিতে রয়েছেন। পাশাপাশি চলমান অন্যান্য মামলার তদন্ত কার্যক্রম দ্রুত শেষ করে দায়ীদের আইনের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।