
জুলাই সনদ বাস্তবায়ন হলে আসন্ন নির্বাচনের রূপরেখা আরও সুস্পষ্ট হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, “নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। সরকার ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।”
বুধবার (২০ আগস্ট) বিকেলে রংপুরের স্থানীয় পার্ক মোড়ে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ এর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, অতীতে সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে নির্বাচনে কারচুপি ও কেন্দ্র দখলের ঘটনা ঘটেছিল। সেই কারণে প্রতিষ্ঠানগুলো ভেঙে দেওয়া হয়। তবে ইউনিয়ন পরিষদ ভাঙা হয়নি, কারণ স্থানীয় সরকার চালাতে পর্যাপ্ত জনবল ছিল না।
তিনি যোগ করেন, জনগণের ভোগান্তি বিবেচনায় স্থানীয় সরকার পুনর্গঠন করে নির্বাচন আয়োজন করা জরুরি ছিল। কিন্তু রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের অভাবে তা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, “বাজেট বৈষম্য নিরসনে সরকার ইতিমধ্যেই কাজ করছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম চলমান থাকবে।”
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদ স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপদেষ্টা। পরে রংপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে একটি ইনডোর ও আউটডোর স্টেডিয়াম নির্মাণ এবং যাতায়াত সমস্যার সমাধানে দুটি বাস প্রদানের দাবি জানান।

































