বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমাতে ও টিকিট বিক্রিতে স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২১ আগস্ট) জারি করা এক প্রজ্ঞাপনে অবৈধ টিকিট সিন্ডিকেট ও অতিরিক্ত মূল্য আদায় রোধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১১ ফেব্রুয়ারি তারিখে জারিকৃত পরিপত্র অনুযায়ী টিকেটের গায়ে বিক্রয় মূল্য লেখাসহ যে নির্দেশনা দেওয়া হয়েছিল তা পরিপালন না করার নজির দেখা যাচ্ছে। এর ফলে যাত্রী ভোগান্তি বেড়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, সব ট্রাভেল এজেন্সিকে টিকিটের গায়ে স্পষ্টভাবে এজেন্সির নাম, লাইসেন্স নম্বর এবং বিক্রয়মূল্য উল্লেখ করতে হবে। যাত্রীদেরও টিকিট কেনার সময় এসব তথ্য যাচাই করতে বলা হয়েছে।
এছাড়া, অনিবন্ধিত এজেন্সি থেকে টিকিট কেনা যাবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। প্রমাণ পাওয়া গেলে সিন্ডিকেটে জড়িত বিমান ও ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত মূল্য আদায়ের ক্ষেত্রেও একই ব্যবস্থা কার্যকর হবে।
মন্ত্রণালয় আশা করছে, এসব পদক্ষেপে টিকিট সিন্ডিকেটের মাধ্যমে যাত্রীদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়া বন্ধ হবে।












































