রবিবার । জুন ৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২২ আগস্ট ২০২৫, ২:২০ অপরাহ্ন
শেয়ার

প্রতিরক্ষা বাহিনীর নতুন বেতন নির্ধারণে কমিটি গঠন


Bangladesh Government
সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে ‘সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫’ গঠন করেছে সরকার। বৃহস্পতিবার (২১ আগস্ট) সশস্ত্র বাহিনী বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য (বেসামরিক কর্মকর্তা-কর্মচারী ছাড়া) এই কমিটি গঠনে প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন।

৯ সদস্যের এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান। আর সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রিগেডিয়ার জেনারেল নিশাদুল ইসলাম খান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে নিজস্ব নীতি ও পদ্ধতি অনুসরণ করবে। প্রয়োজনে দেশের যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে তথ্য ও সহায়তা নিতে পারবে। একইসঙ্গে সেনা, নৌ ও বিমান বাহিনীর জন্য পৃথক উপ-কমিটি গঠন করারও সুযোগ থাকবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট বাহিনীর কর্মকর্তাদের উপ-কমিটিতে অন্তর্ভুক্ত করা যাবে।

এছাড়া জাতীয় বেতন কমিশনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে কমিটি। নির্ধারিত সময়ের মধ্যে সুপারিশ বই আকারে ২৫ কপি জমা দিতে হবে সশস্ত্র বাহিনী বিভাগে। জমা দেওয়ার শেষ সময় ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন— মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, রিয়ার অ্যাডমিরাল মো. জহির উদ্দিন, এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, ব্রিগেডিয়ার জেনারেল অং চ ছা মং, এয়ার কমডোর জামিল উদ্দিন আহম্মদ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিলিয়া শারমিন এবং ক্যাপ্টেন মো. তৌহিদ সাগর।