
দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের নিরাপত্তাযর দায়িত্বে সেনাবাহিনী থাকছে না। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করা হয়েছে।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয় সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন সংক্রান্ত সংবাদ প্রচারের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে এসব নির্বাচনে দায়িত্ব পালনের বিষয়ে কোনো নির্দেশনা প্রদান করা হয়নি। ভবিষ্যতেও এ ধরনের কোনো দায়িত্বে সম্পৃক্ত হবার সুযোগ নেই- জানানো হয় বিবৃতিতে।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী মনে করে, বিদ্যমান আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সমূহ একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।































