বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৮ আগস্ট ২০২৫, ৭:৪৯ অপরাহ্ন
শেয়ার

আইনের খসড়া অনুমোদন

গুমের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড


Press-Secretary
গুম প্রতিরোধ ও বিচার নিশ্চিত করতে নতুন আইন প্রণয়নের পথে এগোচ্ছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’–এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি জানান, প্রস্তাবিত আইনে গুমের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। পাশাপাশি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হয়েছে, যেখানে ১২০ দিনের মধ্যে বিচারকাজ শেষ করার বাধ্যবাধকতা থাকবে।

এ ছাড়া উপদেষ্টা পরিষদ বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন চিলাহাটি, দৌলতগঞ্জ ও তেগামুখ স্থলবন্দর স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আর বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রেস সচিব জানান, এসব বন্দরে বর্তমানে কোনো কার্যক্রম চলছে না। আরও চারটি স্থলবন্দরের বিষয়ে পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, প্রতি বছর ১৭ অক্টোবর লালন সাঁইয়ের তিরোধান দিবসকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে উদযাপনের অনুমোদন দিয়েছে পরিষদ। এতদিন কেবল রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী এই মর্যাদায় উদযাপিত হতো।

ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।